সংগৃহীত ইলাস্ট্রেশন
ডেস্ক রিপোর্ট: সাড়ে সাত বছর পর হঠাৎ করেই প্রয়াত স্বামী ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তিনি গুলশান বাসা থেকে বের হয়ে রাজধানীর জিয়া উদ্যানস্থ জিয়াউর রহমানের সমাধিতে পৌঁছান। সেখানে গাড়িতে বসেই ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন তিনি।
বিএনপির সূত্র জানায়, ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পরামর্শ করেই আচমকা এই সিদ্ধান্ত নেন বেগম জিয়া। মানুষের দুর্ভোগ এড়াতেই রাতের বেলায় সেখানে যান তিনি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই দোয়া ও মোনাজাতের মাধ্যমে তিনি রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি তারেক রহমানও সাক্ষাৎকারে বলেছিলেন, “মা সুস্থ থাকলে রাজনীতিতে আরও সক্রিয় হবেন।”
দলের নেতাকর্মীরাও খালেদা জিয়ার প্রত্যাবর্তনের অপেক্ষায়। তারা বিশ্বাস করেন, আসন্ন নির্বাচনের আগে তার সক্রিয় অংশগ্রহণ বিএনপিকে নতুনভাবে উজ্জীবিত করবে এবং রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনবে।
