ডেস্ক রিপোর্ট: বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আবার বেড়েছে। অক্টোবর মাসের জন্য দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারে দাম ৯৬ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৯৯ টাকা ২৯ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটারে দাম ০.৬৩৩৩ ডলার থেকে বাড়িয়ে ০.৬৫৪৫ ডলার নির্ধারণ করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে সেপ্টেম্বর মাসে জেট ফুয়েলের দাম কিছুটা কমানো হয়েছিল। তখন অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য দাম ৯৯ টাকা ৬৬ পয়সা থেকে কমিয়ে ৯৬ টাকা ৯ পয়সা করা হয়। তবে নতুন সমন্বয়ে আবারও দাম বেড়েছে।
অগাস্ট মাসে জেট ফুয়েলের দাম বৃদ্ধি পেয়ে অভ্যন্তরীণ ফ্লাইটে হয়েছিল ৯৯ টাকা ৬৬ পয়সা, আর আন্তর্জাতিক ফ্লাইটে ০.৬৫০২ ডলার নির্ধারণ করা হয়েছিল।
প্রসঙ্গত, বাংলাদেশে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জেট ফুয়েল আমদানি করে এবং পদ্মা অয়েল লিমিটেড এককভাবে এয়ারলাইন্সগুলোকে সরবরাহ করে। সম্প্রতি দেশীয় প্রতিষ্ঠান পারটেক্স পেট্রোলিয়াম দেশের প্রথম বেসরকারি কোম্পানি হিসেবে জেট ফুয়েল উৎপাদন শুরু করেছে। প্রতিষ্ঠানটি প্রতিদিন প্রায় ২,৮০০ ব্যারেল জেট ফুয়েল উৎপাদন করছে, যেখানে দেশের দৈনিক চাহিদা প্রায় ৯,০০০ ব্যারেল।
