ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান খাদ্যচাহিদা পূরণে সরকার প্রায় তিন লাখ টন গম ও বাসমতি সিদ্ধ চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ২ লাখ ২০ হাজার টন গম এবং ৫০ হাজার টন বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
মঙ্গলবার (৭ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির চলতি বছরের ৪০তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে খাদ্য অধিদপ্তর সরকার-থেকে-সরকার (G2G) পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের এ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড থেকে ৮২৫ কোটি ৩১ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করবে। প্রতিটি টনের দাম নির্ধারণ করা হয়েছে ৩০৮ মার্কিন ডলার।
এ ছাড়া, খাদ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের এম.এস. বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে ২১৯ কোটি ৯ লাখ ৯৯ হাজার টাকায় ৫০ হাজার টন বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের ভিত্তিতে কমিটি ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’-এর আওতায় এইচডিপিই পাইপ সরবরাহ সংক্রান্ত ভেরিয়েশন প্রস্তাবও অনুমোদন দিয়েছে।
প্রকল্পের মূল চুক্তিমূল্য ছিল ৩৪ কোটি ৯৫ লাখ ৯১ হাজার টাকা, যেখানে অতিরিক্ত ১২ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা যোগ করা হয়েছে। সংশোধিত মোট চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৪৭ কোটি ৪ লাখ ৭১ হাজার টাকা। কাজটি সম্পাদন করবে বাংলাদেশের আরএফএল প্লাস্টিক লিমিটেড।
এছাড়াও, সভায় বিদ্যুৎ বিভাগের দুটি প্রকল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি প্রকল্পের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এসব উদ্যোগ দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করার অংশ হিসেবে নেওয়া হয়েছে।
