ডেস্ক রিপোর্ট: রফতানিকারকদের জন্য গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্তে, দেশীয় বীমা কোম্পানির মাধ্যমে ওপেন অ্যাকাউন্ট ক্রেডিট শর্তে রফতানির অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে ব্যাংকগুলো স্থানীয় বীমা কোম্পানি থেকে পেমেন্ট আন্ডারটেকিং বা পেমেন্ট রিস্ক কাভারেজ গ্রহণ করতে পারবে। এর ফলে রফতানিকারকরা বিদেশি ক্রেতার সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে দেশীয় বীমা কোম্পানির সেবা নিতে পারবেন।
সার্কুলার অনুযায়ী, দেশীয় বীমা কোম্পানির মাধ্যমে ইস্যুকৃত বৈদেশিক মুদ্রায় বীমা পলিসির ভিত্তিতে ওপেন অ্যাকাউন্ট পদ্ধতিতে রফতানি করা যাবে। যদি রফতানি আয় দেশে প্রত্যাবসিত না হয়, তাহলে বীমা দাবি বৈদেশিক মুদ্রায় নিষ্পত্তি করতে হবে।
এছাড়া কাঠামো অনুযায়ী, বীমা কোম্পানিগুলো প্রয়োজনে বিদেশি উৎস থেকে পুনর্বীমা কভারেজ (reinsurance coverage) নিতে পারবে।
প্রজ্ঞাপন আরও জানায়, ব্যাংকগুলো বীমা কভারেজের ভিত্তিতে রফতানিকারকদের পোস্ট-শিপমেন্ট অর্থায়ন (post-shipment finance) দেওয়ারও অনুমতি পাবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপের ফলে দেশের বীমা খাতের আয়তন বৃদ্ধি পাবে এবং বৈদেশিক বাণিজ্যে স্থানীয় বীমা কোম্পানির অংশগ্রহণ আরও জোরদার হবে। একই সঙ্গে এটি রফতানি আয় সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং রফতানিকারকদের আস্থা বৃদ্ধি করবে।
অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ উদ্যোগের ফলে দেশীয় বীমা খাতের সক্ষমতা বাড়বে এবং বিদেশি বীমা নির্ভরতা কমে যাবে। পাশাপাশি রফতানি বাণিজ্যে আরও নিরাপত্তা ও স্থিতিশীলতা আসবে।
