ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করাকে ঘিরে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা ইয়াশ রোহান। ছবিতে কপালে লাল তিলক ও সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় দেবী দুর্গার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। ধর্মীয় আচারে অংশ নেওয়ায় কিছু নেটিজেন তার বিরুদ্ধে কড়া ভাষায় মন্তব্য করতে শুরু করেন।

পোস্টটি ভাইরাল হওয়ার পর মন্তব্যের ঘরে কেউ কেউ ঘোষণা দেন, তারা আর ইয়াশের কোনো কাজ দেখবেন না। অনেকে সরাসরি ধর্ম নিয়ে বিষোদ্গার করে অপমানজনক মন্তব্য করেন, যা নেটিজেনদের একাংশের কাছে অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে।
তবে নেতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি বিস্তর সমর্থনও পাওয়া গেছে অভিনেতার জন্য। সাধারণ ভক্ত থেকে শুরু করে বিনোদন জগতের সহকর্মীরাও প্রকাশ্যে ইয়াশের পাশে দাঁড়িয়েছেন।
একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেন, “শিল্পীকে ধর্ম দিয়ে বিচার করা মানসিক দারিদ্র্যের প্রমাণ।”
আরেকজন লিখেছেন, “কমেন্টগুলো দেখে মনে হচ্ছে সমাজ ক্রমেই অসহিষ্ণু হয়ে উঠছে। মানুষকে তার কাজ ও চরিত্র দিয়ে মূল্যায়ন করা উচিত, ধর্ম দিয়ে নয়।”
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, “কাউকে গালাগালি করা বা ভুয়া আইডি থেকে বাজে মন্তব্য ছোড়া আপনাকে সাহসী করে তোলে না। বরং তা আপনার নিচু মানসিকতাই প্রকাশ করে।”
মেহের আফরোজ শাওন নিজের ওয়ালে কটাক্ষপূর্ণ মন্তব্যগুলোর স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, “এই নাকি সম্প্রীতির বাংলাদেশ?”
অভিনেতা আরশ খান মন্তব্য করেন, “ইয়াশ তার কাজের মাধ্যমে দেশের প্রতিনিধিত্ব করেন। তার ধর্ম নয়, তার প্রতিভাই তার পরিচয়।”
উল্লেখ্য, ইয়াশ রোহান জনপ্রিয় অভিনেতা নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপুর সন্তান। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান। এরপর থেকে নাটক, ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করে আসছেন তিনি।
