সংগৃহীত চিত্র
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাতবার্ষিকীতে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার রাতে সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। এতে বলা হয়, আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগের নির্মম নির্যাতনে প্রাণ হারানো দেশপ্রেমিক শিক্ষার্থী আবরার ফাহাদকে স্মরণে মঙ্গলবার (৭ অক্টোবর) দিনব্যাপী কর্মসূচি পালন করবে ছাত্রদল।
ঘোষিত কর্মসূচির মধ্যে—মঙ্গলবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘মতপ্রকাশ থেকে মৃত্যুঃ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আবরারের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে ।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেছেন। দিনটি পালনের জন্য দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার নেতাদের যথাযথভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ। ওই ঘটনায় তার বাবা হত্যা মামলা দায়ের করার পর মামলায় ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২১ সালের ৮ ডিসেম্বর এ ঘটনায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১।
আরও পড়ুন: জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব
Find us on Facebook
