সংগৃহীত চিত্র
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এছাড়াও একই মতামত দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিও।
রবিবার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তারা গণমাধ্যমে এসব প্রস্তাব তুলে ধরেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদ নির্বাচনের দিন গণভোটে কোনো সাংবিধানিক বাধা নেই। জনগণের সামনে উন্মুক্তভাবে সনদ উপস্থাপন করা হবে এবং গণভোটের রায়ই হবে চূড়ান্ত। আগামী সংসদ সেই রায় মানতে বাধ্য থাকবে। তিনি জানান, বিএনপি বিচার বিভাগের বাধ্যতামূলক পরামর্শ নেওয়ার দাবি থেকে সরে এসে জুলাই জাতীয় সনদ ২০২৫ অধ্যাদেশ জারি ও গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে।
সাইফুল হক বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে বিচার বিভাগের মতামত নেওয়া যেতে পারে, যদিও তা বাধ্যতামূলক নয়। তবে সাংবিধানিক আদেশ জারির সময় যেন নতুন কোনো স্বৈরাচারী সিদ্ধান্ত চাপিয়ে না দেওয়া হয়, সেটিও মাথায় রাখতে হবে।
একই সুরে জোনায়েদ সাকি জানান, বাস্তবায়ন প্রক্রিয়ায় অনৈক্য কমে এসেছে এবং এখন ন্যূনতম ঐক্যের জায়গায় পৌঁছেছে কমিশন। তিনি বলেন, নির্বাচনের দিন পিছিয়ে যাওয়ার শঙ্কা থাকায় জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করা উত্তম হবে। পাশাপাশি তিনি যোগ করেন, নোট অব ডিসেন্ট থাকলে দলগুলো তা নির্বাচনী ইশতেহারে প্রতিফলিত করবে। আগামী সংসদকে দেশ পরিচালনা এবং সংবিধান সংশোধনের উভয় ক্ষমতা দিতে হবে।
আরও পড়ুন: সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন নুর: বিমানবন্দরে সংবর্ধনা
Find us on Facebook
