ডেস্ক রিপোর্ট: হায়দরাবাদের তারকা জুটি রাশ্মিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডা অবশেষে আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেছেন। শনিবার বিজয়ের টিম ভারতীয় গণমাধ্যম স্ক্রিন-কে বিষয়টি নিশ্চিত করে। যদিও এখনো পর্যন্ত তারা সামাজিক মাধ্যমে কোনো ছবি শেয়ার করেননি, সূত্র জানায়—হায়দরাবাদে বিজয়ের নিজ বাসভবনে ঘনিষ্ঠ পারিবারিক সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে এনগেজমেন্ট অনুষ্ঠিত হয়।

২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ ছবিতে একসঙ্গে অভিনয় করার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। সে সময় রাশ্মিকা তার ‘কিরিক পার্টি’ সহ-অভিনেতা রক্ষিত শেট্টির সঙ্গে আংটি বদল করেছিলেন। তবে ‘গীতা গোবিন্দম’ মুক্তির এক মাস পরই রাশ্মিকা-রক্ষিতের বাগদান ভেঙে যায়। উল্লেখ্য, তারা ২০১৭ সালের জুলাইয়ে বাগদান করেছিলেন।
‘গীতা গোবিন্দম’-এ রাশ্মিকা ও বিজয়ের অনস্ক্রিন রসায়ন দর্শকদের মন জয় করে নেয়, যা পরে তাদের দ্বিতীয় ছবি ‘ডিয়ার কমরেড’ (২০১৯)-এ আবারো দেখা যায়। সেখান থেকেই তাদের বাস্তব জীবনের সম্পর্ক নিয়েও আলোচনা তুঙ্গে ওঠে।
সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিজয় বলেন, “আমি এখন ৩৫, এবং সিঙ্গেল নই।” অন্যদিকে, চেন্নাইয়ে ‘পুষ্পা ২’ প্রচারণায় অংশ নিয়ে রাশ্মিকাকে সঞ্চালক জিজ্ঞেস করেন—“আপনার পার্টনার কি ইন্ডাস্ট্রির কেউ?” জবাবে রাশ্মিকা হেসে বলেন, “এগুলো তো সবাই জানে!”
পরে বিভিন্ন অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গেছে—নিউইয়র্কের ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেড থেকে শুরু করে ‘ভারত বিয়ন্ড বর্ডারস’ ইভেন্ট পর্যন্ত।নতুন খবর হলো—দুজনই নাকি এখন একটি ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতেই হতে পারে এই বহু প্রতীক্ষিত তারকা বিবাহ।
এদিকে রাশ্মিকা মন্দানা বর্তমানে আয়ুষ্মান খুরানা অভিনীত ‘থাম্মা’ ছবির মুক্তি নিয়ে ব্যস্ত। অন্যদিকে বিজয় দেবরাকোন্ডা শেষবার অভিনয় করেছেন ‘কিংডম’ ছবিতে, যা বক্স অফিসে খুব একটা সফলতা পায়নি।ভক্তদের অপেক্ষা এখন একটাই—কবে সামনে আসবে তাদের এনগেজমেন্টের প্রথম ছবি এবং কবে বাজবে বিয়ের সানাই!
