ডেস্ক রিপোর্ট: বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ব্যাংক ইসলামী ব্যাংক পিএলসি-এর অফিসিয়াল ও ভেরিফায়েড ফেসবুক পেজ আবারও হ্যাকড হয়েছে। হ্যাকার গ্রুপ পেজটির প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো ব্যবহার করেছে বলে জানা গেছে।
শুক্রবার (৩ অক্টোবর) রাত ৮টা ২৮ মিনিটে হ্যাকাররা পেজের প্রোফাইল পরিবর্তন করে দ্বিতীয়বারের মতো হ্যাকিংয়ের বার্তা পোস্ট করে। এক পোস্টে তারা লিখেছে, “হ্যালো, ডিয়ার ইসলামী ব্যাংক, সো কল্ড এক্সপার্ট”, এবং আরেক পোস্টে দিয়েছে “পেজ হ্যাকড?” বার্তা, সঙ্গে ইমোজিও যুক্ত করে।
এর আগে একই দিন ভোরে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ প্রথমবারের মতো হ্যাকড হয়। পরে শুক্রবার বিকেল ৪টার দিকে ব্যাংকের জনসংযোগ বিভাগ জানায়, তারা পেজটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।
হ্যাকার গ্রুপ ‘এমএস ৪৭০ এক্স’ দাবি করেছে, ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষের অনৈতিক আচরণ ও চাকরিচ্যুতির সিদ্ধান্ত এর প্রতিবাদে তারা পেজটি হ্যাক করেছে। হ্যাকারদের দাবি অনুযায়ী, তারা ব্যাংকের কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষায় এই পদক্ষেপ নিয়েছে।
ঘটনার বিষয়ে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ব্যাংকটির ডিজিটাল নিরাপত্তা দল বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
