ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট: উন্নত চিকিৎসা শেষে আগামী শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
তিনি জানান, গত ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে গমন করা নুর সেখানে ১২ দিন অবস্থানকালে শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।
প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে সংঘটিত ওই হামলায় নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মী আহত হন। পরবর্তীতে দেশে চিকিৎসা নেওয়ার পর দলের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়।
আগামী শনিবার দেশে ফেরার পর তিনি যথারীতি আবার রাজনৈতিক কার্যক্রমে অংশ নেবেন বলে জানানো হয় দলের পক্ষ থেকে।
আরও পড়ুন: দুর্গাপূজায় নাশকতা ও ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
Find us on Facebook
