ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: আগামী মাসে সপরিবারে পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গমনের পরিকল্পনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২০ অক্টোবর স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে মক্কার উদ্দেশে রওনা হবেন তিনি। লন্ডনে থাকা বিএনপির একাধিক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, ওমরাহ শেষে নভেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তারেক রহমানের।
তারা জানান, ওমরাহ পালন শেষে লন্ডনে ফেরার পর রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকলে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে দেশে ফেরা চূড়ান্ত হতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের।
এদিকে, ব্রিটেনে অবস্থানরত বিএনপির কয়েকজন নেতা তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে ওমরাহ করতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে পরিবারের বাইরে কারা যাচ্ছেন, সেই তালিকা এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।
এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে সর্বশেষ হজ পালনে সৌদি আরব গিয়েছিলেন তারেক রহমান। সে সময় খালেদা জিয়া তার সঙ্গে একইসাথে মক্কা ভ্রমণ করেন হজের উদ্দেশ্যে। এছাড়া ২০১৪ সালেও তিনি খালেদা জিয়ার সঙ্গে ওমরাহ পালন করেছিলেন।
আরও পড়ুন: হিরো আলম সন্ত্রাসী হামলায় গুরুতর আহত
Find us on YouTube
