আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম, ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: রাজধানীর আফতাবনগরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দুর্বৃত্তরা এ হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা হিরো আলমকে ঘেরাও করে মারধর শুরু করে। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় তারা। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নিকটবর্তী একটি হাসপাতালে নেন। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবিতে দেখা যায়, হিরো আলম আহত অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তার টি-শার্ট ছেঁড়া এবং মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে হিরো আলমের স্ত্রী রিয়া মনি জানান, হামলার সময় তিনি অজ্ঞান হয়ে পড়েন। এদিকে রাত সোয়া ১০টার দিকে হিরো আলমের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ‘আফতাবনগরে সন্ত্রাসীদের হামলায় অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এ ঘটনায় বাড্ডা থানার আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ‘আমরা গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জেনেছি। ঘটনাস্থল পরিদর্শন করার জন্য যাচাই চলছে। এখনো সঠিক স্পট সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।’
আরও পড়ুন: ভারতের সমর্থনে ভোটারবিহীন নির্বাচনই দিল্লী-ঢাকার বিচ্ছেদের কারণ
Find us on YouTube
