ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: ছাত্র-জনতার জুলাই আন্দোলন দমনে ঢাকায় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড এবং সারা দেশে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক তদন্ত কর্মকর্তা। সোমবার (২৯ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনা ও তার শীর্ষ দুই সহযোগীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় ৫৪তম সাক্ষী হিসেবে হাজির হয়ে এ তথ্য দেন তদন্ত কর্মকর্তা মো. আলমগীর।
তিনি জানান, পুলিশের সদর দপ্তরের ২১৫ পৃষ্ঠার এক প্রতিবেদনে দেখা যায়, জুলাই আন্দোলন দমনে এলএমজি, এসএমজি, রাইফেল, শটগান, রিভলভার ও পিস্তলসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করা হয়েছে। আলামত, ভিডিও ফুটেজ, পত্রপত্রিকা ও প্রত্যক্ষদর্শীর জবানবন্দির ভিত্তিতে তিনি দাবি করেন—তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন মানবতাবিরোধী অপরাধ সংগঠনে পরিকল্পিত ভূমিকা রাখেন।
তদন্ত কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত এসব হামলায় দেড় হাজারেরও বেশি মানুষ নিহত হন। এছাড়া অসংখ্য মানুষ গুরুতর আহত, আটক, নির্যাতন, অপহরণ ও যৌন নিপীড়নের শিকারের ঘটনা ঘটে। নিহতদের মরদেহ পরিবারকে না দিয়ে বেওয়ারিশ পরিচয়ে দাফনের ঘটনাও প্রমাণ পাওয়া গেছে।
আরও পড়ুন: “হ্যাকড বাই শেখ হাসিনা” লিখার মাধ্যমে ভারতীয় ওয়েবসাইট হ্যাকড
Find us on YouTube
