ডেস্ক রিপোর্ট: নতুন নির্মাণ বিধিনিষেধের কারণে দেশের আবাসন খাতে যে মন্দা দেখা দিয়েছে, তার সরাসরি প্রভাব পড়েছে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্যের বাজারে। বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের তথ্যমতে, এ মন্দায় দেশের প্রায় ৬,৫০০ কোটি টাকার এই বাজারে বিক্রি অর্ধেকে নেমে এসেছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় ৫ লাখ মানুষের জীবিকা।
শিল্পসংশ্লিষ্টরা বলছেন, আবাসন খাতের সংকোচনের ফলে ফ্যান, লাইট, সুইচ, সকেট, ওয়্যারিং, হোল্ডার ও সার্কিট ব্রেকারের বিক্রি ব্যাপকভাবে কমে গেছে। কাপ্তান বাজার, কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন পাইকারি বিক্রেতারা জানাচ্ছেন, গত এক বছরে বিক্রি প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমে গেছে।
বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক মাহবুব হাসান সরকার বলেন, “আমাদের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের বাজার মূলত আবাসন খাতনির্ভর। গত এক বছরে বিক্রি অর্ধেকেরও বেশি কমেছে।”
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া জানান, বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের পর ছোট প্লটে ভবনের উচ্চতা সীমিত করে দেওয়ায় নতুন নির্মাণ কমে গেছে ৭০ শতাংশ পর্যন্ত। এর প্রভাব পড়ছে ইলেকট্রিক্যাল সরঞ্জাম ছাড়াও স্টিল, সিমেন্ট ও রঙের মতো অন্তত ৩০টির বেশি খাতে।
মার্কেটিং ওয়াচ বাংলাদেশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে ইলেকট্রিক্যাল ও আলোকসজ্জা পণ্যের সম্মিলিত বাজারের আকার প্রায় ৬,৫০০ কোটি টাকা। এর মধ্যে ইলেকট্রিক্যাল সরঞ্জাম ৩,৫৭৫ কোটি ও আলোকসজ্জা পণ্যের বাজার ২,৯২৫ কোটি টাকার।
দেশব্যাপী প্রায় ১ লাখ ৫০ হাজার খুচরা বিক্রেতা ও ২,৫০০ উদ্যোক্তাসহ ৫ লাখের বেশি মানুষ এই খাতে কর্মরত। বর্তমানে সুপারস্টার, ওয়ালটন ও ক্লিক এই বাজারের শীর্ষে রয়েছে।
যদিও সামগ্রিকভাবে বাজারে মন্দা, তবুও পণ্যের বৈচিত্র্য বড় কোম্পানিগুলোকে তুলনামূলক সুরক্ষা দিয়েছে। ওয়ালটন ক্যাবলের চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ বলেন, “২০২০ সালের আগে খাতটির বার্ষিক প্রবৃদ্ধি ছিল ১৫ শতাংশের বেশি, কিন্তু গত এক বছরে বিক্রি কমেছে ২০-২৫ শতাংশ।”
বিআরবি ক্যাবলের পরিচালক রফিকুল আলম রনি বলেন, “পণ্যের বৈচিত্র্য ও নতুনত্ব আমাদের টিকিয়ে রেখেছে। পরিচালন ব্যয় বাড়লেও আমরা লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছি।”
শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, আবাসন খাতের স্থবিরতা দূর না হলে দেশের স্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স শিল্প দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়বে।
