ডেস্ক রিপোর্ট: বলিউড সুপারস্টার ইমরান হাশমি পুনরায় ফিরেছেন তাঁর জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল নিয়ে। দিশা পাটানিকে সঙ্গে নিয়ে শুরু হয়েছে ‘আওয়ারাপান ২’-এর শুটিং, যা চলছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে।

সম্প্রতি দিশা পাটানির পরিবারের ওপর অজ্ঞাত বন্দুকধারীর হামলার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। উত্তরপ্রদেশের বরেলিতে তাদের বাড়িতে কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছিল। এই ঘটনার পর দিশা তাঁর ব্যক্তিগত ও কর্মজীবনে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। এমনকি নতুন সিনেমার শুটিংয়ে ফেরা বিষয়টিও তিনি গোপন রাখেন।
ভারতের একাধিক গণমাধ্যমের তথ্যমতে, চলতি সপ্তাহেই ব্যাংককে শুরু হয়েছে ‘আওয়ারাপান ২’-এর শুটিং। দিশা পাটানি সিনেমাটিতে অভিনয় করছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘আওয়ারাপান’ ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম সফল ছবি। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় সিক্যুয়েলে কেন্দ্রীয় চরিত্রেও দেখা যাবে তাঁকেই। এদিকে প্রথমবারের মতো পর্দায় তাঁর বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি।
রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিনেমার প্রায় ৫০ শতাংশ দৃশ্য ধারণ হবে ব্যাংককে। কারণ গল্পটি মূলত শহরটিকে ঘিরেই আবর্তিত। শুটিং ইউনিটের সদস্যরা এক মাসের জন্য ব্যাংককেই অবস্থান করবেন বলে জানা গেছে।
প্রযোজক বিশেষ ভাট পুরো কাজের তদারকিতে রয়েছেন। তিনি দিশা ও অন্যান্য তারকাসহ কর্মীদের নিরাপত্তা ও শুটিংয়ের অগ্রগতি নিশ্চিত করছেন, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং পরিকল্পনা অনুযায়ী সিনেমার কাজ সম্পন্ন করা যায়।
