ডেস্ক রিপোর্ট: মার্কিন পপ তারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ বিয়ে করেছেন সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কোকে। ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত এই বিয়ের কয়েকটি ছবি নিজেই ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন গোমেজ। সাদা হল্টার-নেক ডিজাইনের বিবাহের পোশাকে এবং ব্ল্যাঙ্কো কালো টাক্সেডোতে ছিলেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন “9.27.25” এবং দুই পাশে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

ভোগ ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, শনিবার সান্তা বারবারায় প্রায় ১৭০ অতিথির উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অতিথিদের মধ্যে ছিলেন গায়িকা টেলর সুইফট, অভিনেতা পল রাড, এবং ‘ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিরিজের সহ-অভিনেতা স্টিভ মার্টিন ও মার্টিন শর্ট।
ইনস্টাগ্রামে পোস্টের নিচে ব্ল্যাঙ্কো মন্তব্য করেছেন, “আমার বাস্তব জীবনের স্ত্রী।”
৩৩ বছর বয়সী গোমেজ ও ৩৭ বছর বয়সী ব্ল্যাঙ্কো ২০২৪ সালের ডিসেম্বরে বাগদান করেন। এক বছরের সম্পর্কের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। এর আগেও তারা একাধিক সংগীত প্রজেক্টে একসঙ্গে কাজ করেছেন।

গত মার্চে তারা যৌথভাবে প্রকাশ করেন I Said I Love You First অ্যালবাম, যেখানে উঠে এসেছে তাদের ভালোবাসার গল্প। এর আগে ২০১৫ সালে তারা একসঙ্গে প্রকাশ করেন জনপ্রিয় গান Same Old Love ও Kill Em with Kindness এবং ২০১৯ সালে I Can’t Get Enough যেখানে ছিলেন টেইনি ও জে বালভিন।
