জাতীয় নির্বাচন কমিশন ভবন, ছবি- সংগৃহীত
ডেস্ক রিপোর্ট: আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও তার প্রস্তুতি হিসেবে সুশীল সমাজ ও শিক্ষাবিদের সঙ্গে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক জানান, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শিক্ষাবিদের সঙ্গে সংলাপের আয়োজন করা হয়েছে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত সংলাপ কার্যক্রমটি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। রাজনৈতিক দল, নারী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে পর্যায়ক্রমিক সংলাপের পরিকল্পনা রয়েছে। এছাড়াও কর্মপরিকল্পনার অংশ হিসেবে জনসম্পৃক্ততার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আজ শুরু হওয়া সংলাপ প্রক্রিয়া আগামী এক থেকে দেড় মাসের মধ্যে শেষ হবে।
সংলাপ অনুষ্ঠানে সভাপতি হিসেবে ভূমিকা পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিন। উক্ত অনুষ্ঠানটি ইসির অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে।
আরও পড়ুন: ফেনী-১ আসনে বিএনপির প্রার্থী হতে পারেন বেগম খালেদা জিয়া
Find us on YouTube
