ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ থেকে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানোর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে লীসা গাজী পরিচালিত সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। দেশের অস্কার কমিটি আজ শনিবার সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।

এ মাসের শুরুতে বাংলাদেশের অস্কার কমিটি মনোনয়নের জন্য সিনেমা আহ্বান করে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত জমা পড়ে পাঁচটি চলচ্চিত্র—সাবা,বাড়ির নাম শাহানা,নকশিকাঁথার জমিন,প্রিয় মালতী,ময়না।এর মধ্যে ১৯ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত ‘বাড়ির নাম শাহানা’কে সর্বসম্মতভাবে চূড়ান্ত করে কমিটি।
মনোনয়নের ঘোষণার পর ছবির অন্যতম প্রযোজক আরিফুর রহমান বলেন,
“আমার যে টিম, কাজের বাইরেও তাঁদের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে। শুরু থেকেই তাঁদের বিশ্বাস করেছি। আজকে যখন এই ঘোষণা এলো, মনে হয়েছে সেই বিশ্বাসের মর্যাদা রাখা হয়েছে।”
নব্বইয়ের দশকের পটভূমিতে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘বাড়ির নাম শাহানা’য় দেখা যায়—কৈশোরের আগেই দীপার বিয়ে, স্বামীর নির্যাতন, আর সেখান থেকে মুক্তির সংগ্রাম। দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেকটিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড। তথ্যচিত্র নির্মাতা হিসেবে পরিচিত লীসা গাজীর এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নিজের গল্প থেকে আনান সিদ্দিকার সঙ্গে মিলেই চিত্রনাট্য লিখেছেন তিনি।
বাংলাদেশি সিনেমার আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনা জাগিয়ে ‘বাড়ির নাম শাহানা’ এখন অস্কারের পথচলার অপেক্ষায়।
