ডেস্ক রিপোর্ট: ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসের একমাত্র পুত্র আব্রাম খান জয়ের জন্মদিন আজ। দেখতে দেখতে নয় বছর পেরিয়ে এবার দশে পা দিল ছোট্ট জয়। বিশেষ এই দিনে বাবা-মা দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় সন্তানকে।

মধ্যরাত পেরোনোর পরপরই ছেলে জয়ের জন্য হৃদয়ছোঁয়া একটি ভিডিও পোস্ট করেন শাকিব খান। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বিদেশের একটি পার্কে জয়কে সঙ্গে নিয়ে খেলায় মেতে আছেন তিনি। পোস্টের ক্যাপশনে লেখেন,
“শুভ জন্মদিন আমার ছোট রাজপুত্র। তুমি যেন বড় হয়ে একজন সৎ, সাহসী ও হৃদয়বান মানুষ হও। মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা, তোমার জীবনে যেন সুখ, শান্তি ও সফলতার সব দরজা সবসময় খোলা থাকে। মনে রেখো, তোমার যখনই আমার প্রয়োজন হবে, আমি সবসময় তোমার পাশে আছি। অনেক ভালোবাসা আমার ছেলে।”
শাকিবের পোস্টের প্রায় এক ঘণ্টা পর নিজের ফেসবুক আইডি থেকে শুভেচ্ছা জানান জয়-এর মা অপু বিশ্বাস। তিনি দুটি ছবি শেয়ার করেন—একটিতে মা-ছেলে সোফায় পাশাপাশি বসে আছেন, আরেকটিতে জন্মদিনের কেক। ক্যাপশনে অপু লেখেন,
“শুভ জন্মদিন, আমার প্রিয় সন্তান। তোমার হাসি আর সরলতা আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। তোমার সব স্বপ্ন পূর্ণ হোক। মা তোমাকে ভালোবাসে আজ, আগামীকাল এবং সবসময়।”
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ আট বছর পর ২০১৬ সালে তাদের ছেলে আব্রামের জন্মের মধ্য দিয়ে দাম্পত্য জীবনের খবর প্রকাশ্যে আসে। তবে ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় এই জনপ্রিয় জুটির।
জন্মদিনে বাবা-মায়ের ভালোবাসামাখা শুভেচ্ছা আর ভক্তদের দোয়া নিয়ে নতুন বছরে পা রাখল আব্রাম খান জয়।
