ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি: সংগৃহীত
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পার্টি (এবি পার্টি)–এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেছেন, এস আলমের অর্থ শুধু শেখ হাসিনাই ব্যবহার করছেন না, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সেই টাকায় ব্যবসা করছেন এবং সন্তানদের বিদেশে পড়াশোনার খরচ চালাচ্ছেন। শুক্রবার বিকেলে মানিকগঞ্জ শহরের শহীদ স্মৃতিস্তম্ভ চত্বরে জেলা এবি পার্টির আয়োজিত জুলাই গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আগামী নির্বাচনে কারা আওয়ামী লীগকে চায়, কারা জাতীয় পার্টিকে সামনে আনতে চায় এবং কারা এস আলমের অর্থে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে—তাদেরকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করতে হবে। তাঁর মতে, এরা দেশের স্বার্থবিরোধী।
তিনি আরও জোর দিয়ে বলেন, বাংলাদেশের স্বার্থ রক্ষায় শত্রুপক্ষের সঙ্গে কোনো সমঝোতা হবে না। দিল্লির প্রভাব-প্রতিপত্তির বিরুদ্ধেও কোনো ছাড় দেওয়া হবে না, সেটা কংগ্রেস, বিজেপি, গান্ধী পরিবার কিংবা নরেন্দ্র মোদির নামেই আসুক না কেন।
মানিকগঞ্জে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা এবি পার্টির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম। এসময় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস ইসলাম খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, জুলাই শহীদ আফিকুল ইসলামের বাবা সফিকুল ইসলাম, জুলাই যোদ্ধা রমজান মাহমুদসহ আরও অনেকে।
