ডেস্ক রিপোর্ট: দেশের অবকাঠামো ও পানি সরবরাহসহ সাতটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ১ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলারের অনমনীয় বা কঠিন শর্তের ঋণ নিচ্ছে সরকার।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর শেরে-বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘স্ট্যান্ডিং কমিটি অন নন-কনসেশনাল লোন’ (এসসিএনসিএল) কমিটির সভায় এ ঋণ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা।
ইআরডির তথ্যমতে, এসব ঋণ মূলত বাজারভিত্তিক সুদে নেওয়া হচ্ছে, যার গ্রান্ট উপাদান ২৫ শতাংশের কম—ফলে এগুলো আইএমএফের সংজ্ঞা অনুযায়ী অনমনীয় ঋণ হিসেবে গণ্য।
নতুন অনুমোদিত ঋণের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে তিনটি প্রকল্প রয়েছে—চট্টগ্রাম-দোহাজারী রেলপথ রূপান্তর (৫০৮ মিলিয়ন ডলার), খুলনা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট (১৫৪ মিলিয়ন ডলার) এবং নেসকোর নেটওয়ার্ক নর্থওয়েস্ট ডিস্ট্রিবিউশন মডার্নাইজেশন (৯১ মিলিয়ন ডলার)।
এ ছাড়া ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে ময়মনসিংহ বিভাগে জলবায়ু সহনশীল পাঁচটি সেতু নির্মাণ প্রকল্পে ২৪১.৩ মিলিয়ন ডলার, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে ৪০০ মিলিয়ন ডলার, এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) অর্থায়নে ঢাকার পানি সরবরাহ উন্নয়ন প্রকল্পে ১৬০ মিলিয়ন ইউরো ঋণ অনুমোদন করা হয়েছে।
অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, বৈদেশিক মুদ্রার বর্তমান বাজারে সুদের হার বেড়ে যাওয়ায় অনমনীয় ঋণ নেওয়ার ঝুঁকি বাড়ছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এসব প্রকল্প দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
