গোলাম মোহাম্মদ কাদের, ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: কোনো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নয়, বরং নতুন একটি সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিৎ বলে বনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
দেশীয় রাজনীতিতে দীর্ঘ নীরবতা ভেঙে বেশ অনেকদিন পর মুখ খুলেছেন তিনি। ইদানীং দল ভাঙন, রাজনৈতিক অবস্থান ও আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে নানা আলোচনা চললেও এতদিন তিনি কোনো মন্তব্য করেননি। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি দলের অবস্থান স্পষ্ট করেন।
জি এম কাদের বলেন, “আওয়ামী লীগের সমর্থকরা ভোটার, তাদের নাগরিকত্ব বা ভোটাধিকার বাতিল হয়নি। তারা চাইলে আমাদের দলকে ভোট দিতে পারে। বিএনপি যদি ক্ষমতায় গেলে বিরক্ত না করার প্রতিশ্রুতি দেয়, তাহলে তাদেরও ভোট দেওয়া যায়, কিন্তু জামায়াতকে কেউ ভোট দেবে না।”
তিনি আরও বলেন, “গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ আবশ্যক। আওয়ামী লীগ সরকারের সময়ে জামায়াত নিষিদ্ধ করার সময়ও আমরা এর বিরোধিতা করেছি, কারণ কোনো দলকে নিষিদ্ধকরণ দেশের জন্য মঙ্গল নিয়ে আসে না। নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে নয়, নতুন সরকারের অধীনে হওয়া উচিত।”
জাতীয় পার্টির ভাঙনের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, “কিছু নেতার বিদায়ের মাধ্যমে দল এখন আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়েছে।” তার সাম্প্রতিক মন্তব্য রাজনৈতিক প্রেক্ষাপটে দল ও ভোটারদের স্পষ্ট নির্দেশনা প্রদান করছে বলেও মনে করা হচ্ছে।
আরও পড়ুন: মির্জা ফখরুলের সাক্ষাৎকারকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি বিএনপির
Find us on Facebook
