ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিস জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নতুন খেলাপি ঋণ নবায়ন নীতি দেশের ব্যাংক খাতের জন্য দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ২ শতাংশ অর্থ জমা দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ ব্যাংক খাতের জন্য ‘ক্রেডিট নেগেটিভ’।
প্রতিবেদনে আরও বলা হয়, এ ধরনের সুবিধায় ঋণগ্রহীতাদের চাপ সাময়িকভাবে কমলেও আসল ঝুঁকি বাড়বে। কারণ দুই বছরের গ্রেস পিরিয়ড থাকায় ঋণ আদায়ের প্রক্রিয়া বিলম্বিত হবে এবং খেলাপি ঋণের হার কৃত্রিমভাবে কম দেখা যেতে পারে। এতে সম্পদমান ঝুঁকিও আড়াল হতে পারে।
মুডিস সতর্ক করেছে, পুনঃতফসিলের পর মামলা প্রত্যাহারের বাধ্যবাধকতা ঋণ পুনরুদ্ধার কার্যক্রমকে দুর্বল করবে। ফলে ঋণগ্রহীতা আবার খেলাপি হলে ক্ষতির ঝুঁকি বহুগুণ বাড়বে।
বাংলাদেশ ব্যাংকের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত খেলাপি ঋণ নিয়মিত করতে ২ শতাংশ নগদ অর্থ জমা দিতে হবে। এ ঋণ সর্বোচ্চ ১০ বছর মেয়াদে পরিশোধযোগ্য হবে এবং প্রথম দুই বছর গ্রেস পিরিয়ড থাকবে।
বিশেষজ্ঞদের মতে, প্রকৃত ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা উপকৃত হলেও দীর্ঘমেয়াদে ব্যাংক খাতের আর্থিক স্থিতিশীলতার জন্য এটি বড় ঝুঁকি তৈরি করতে পারে।
