ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি জানান, এই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। আন্তর্জাতিক টেন্ডার, দরপত্র আহ্বান, মূল্য নির্ধারণ এবং মান নিয়ন্ত্রণসহ পুরো কার্যক্রম তাদের দায়িত্বে থাকবে। এর ফলে স্বচ্ছতা, মান এবং নিরপেক্ষতা নিশ্চিত হবে।
অর্থ উপদেষ্টা বলেন, “প্রায় ৪০ হাজার বডি ক্যামেরা পুলিশের জন্য সরবরাহ করা হবে। নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। এটি সরকারের নির্বাচনসংক্রান্ত বরাদ্দের অর্থ থেকে কেনা হবে।”
তিনি আরও আশ্বস্ত করেন যে, ইউএনডিপির মাধ্যমে প্রতিযোগিতামূলক দামে মানসম্পন্ন ক্যামেরা সরবরাহ করা হবে। ফলে সরকারের আলাদা করে দরপত্র আহ্বান বা দর-দাম নিয়ে আলোচনার প্রয়োজন পড়বে না।
সরকারি সূত্র মতে, নির্বাচন কমিশন ভোট পরিচালনার দায়িত্বে থাকলেও সরকার নিরাপত্তা ও লজিস্টিক সহায়তা দিচ্ছে। আর বডি ক্যামেরা কেনা সেই প্রস্তুতিরই একটি গুরুত্বপূর্ণ অংশ।
এই উদ্যোগের মাধ্যমে নির্বাচন চলাকালীন পুলিশের কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে বলে আশা করছে সরকার।
