ডেস্ক রিপোর্ট:আর্থিক চাপ ও রাজস্ব ঘাটতি সামাল দিতে বাংলাদেশ সরকার এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)-এর কাছে ১.৫ বিলিয়ন ডলার বাজেট সহায়তা চেয়েছে। চলতি অর্থবছরের বাজেট ঘাটতি পূরণ ও সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত ১৩ আগস্ট অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এই প্রস্তাব পাঠায়।
ইআরডি সূত্র জানিয়েছে, জলবায়ু নীতি-ভিত্তিক বাজেট সহায়তা কর্মসূচির আওতায় চাওয়া এই অর্থের বিষয়ে ইতিবাচক প্রাথমিক সাড়া দিয়েছে এআইআইবি। সংস্থাটি জানিয়েছে, তারা ইআরডি, অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।
অর্থনীতিবিদরা বলছেন, বাজেট সহায়তা মূলত সংস্কার কর্মসূচি ত্বরান্বিত ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক। বিশেষ করে ব্যাংকিং খাতের দুর্বল প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন ও পুনঃমূলধনীকরণের জন্য এ অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইআরডি কর্মকর্তাদের মতে, চলতি অর্থবছরে এআইআইবি ছাড়াও বিশ্বব্যাংক ও এডিবি থেকে আরও ১.৮৫ বিলিয়ন ডলার বাজেট সহায়তা আসতে পারে। তবে এই ঋণগুলো বাজারভিত্তিক উচ্চ সুদে হওয়ায় সরকারের ঋণ ব্যবস্থাপনা আরও কঠিন হয়ে উঠতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, বিদেশি বাজেট সহায়তা অবশ্যই অগ্রাধিকারমূলক খাতে ও উচ্চ অর্থনৈতিক রিটার্ন নিশ্চিতকারী প্রকল্পে ব্যবহার করতে হবে। অন্যথায় ঋণের দায় বেড়ে অর্থনীতিতে চাপ তৈরি হবে।
