মৃত আক্কাস আলী (ছবি- সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: গাজীপুর শহরের উত্তর ছায়াবিথী এলাকার একটি ফ্ল্যাট থেকে মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগ সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সদর থানার পুলিশ হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে।
উদ্ধার হওয়া মৃত ব্যক্তির নাম আক্কাস আলী (৪৭)। তিনি মুন্সিগঞ্জ সদরের বাগ মামুদালী এলাকার বাসিন্দা এবং স্থানীয় মৃত হাফেজ আলীর ছেলে। এছাড়াও আক্কাস আলী মুন্সিগঞ্জ শহরের মেডিস্টার ডায়াগনস্টিক সেন্টার ও রেনেসা ডায়াগনস্টিক সেন্টারের মালিক ছিলেন।
গাজীপুর মহানগর সদর থানার ওসি মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আক্কাস আলী আত্মহত্যা করেছেন। ব্যবসায়িক লোকসান ও ঋণের কারণে তিনি চরম আর্থিক সংকটে ভুগছিলেন তিনি। এর ফলে মানসিকভাবে হতাশায় ভুগে এক্সময় পারিবারিক কলহে জড়িয়ে পড়েন। পূর্বেও তিনি দুই দফা আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
ওসি আরও জানান, প্রায় ১৫-২০ দিন আগে তিনি তার বন্ধু জাহিদ হাসান ঢালীর ফ্ল্যাটে ওঠেন। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পৌনে ৩টার মধ্যে কোনো এক সময়ে ফাঁকা বাসায় সিলিং ফ্যানে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
জরুরি সেবা ৯৯৯ এ স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভাড়াটে লোক দিয়ে ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ
Our Facebook Page
