ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান দীর্ঘ দুই যুগের সংগীত ক্যারিয়ার শেষ করার ইঙ্গিত দিয়েছেন। অস্ট্রেলিয়া সফরে ভক্তদের উদ্দেশে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে আর কোনো কনসার্টে তাকে দেখা যাবে না।

২৫ বছরের সংগীতজীবন উদ্যাপন করতে বর্তমানে অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে ভক্তদের সঙ্গে বিশেষ কনসার্টে অংশ নিচ্ছেন তাহসান। এমনই এক আয়োজনে মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন—
“এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে, এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?”
তাহসান আরও জানান, তিনি ইতিমধ্যে তার সব সামাজিকমাধ্যমের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন।গানের আগে অভিনয় থেকেও সরে দাঁড়িয়েছিলেন তাহসান। গত বছর তিনি বলেছিলেন, “আমি ২০ বছর ধরে অভিনয়ে কাজ করছি। নিজেকেই বিরতি নিতে হয়। যখন মনে হয় কাজ একঘেয়েমি হয়ে যাচ্ছে, তখন নিজেকেই থামিয়ে দিতে হয়।”
এর আগেই তিনি ভক্তদের জানিয়েছিলেন, তার কণ্ঠনালিতে হেটেরোটোপিয়া নামের একটি জটিলতা ধরা পড়েছে। এই রোগে গলার কাঠামো পরিবর্তিত হয়, ফলে গান গাওয়ার মানসিক ও শারীরিক শক্তি কমে যায়। ২০১৮ সাল থেকে এই সমস্যার সূত্রপাত, যা তাকে সংগীতজীবন নিয়ে আরও অনিশ্চয়তায় ফেলেছে।
তাহসানের সংগীত ক্যারিয়ার শুরু হয়েছিল ‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে। এরপর একক শিল্পী হিসেবে এবং পরে ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ও পরবর্তীতে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর সঙ্গে কাজ করে ভক্তদের হৃদয় জয় করেন। সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন কনসার্টে নিয়মিত অংশ নিলেও এবার ক্যারিয়ার গুটিয়ে নেওয়ার ঘোষণা ভক্তদের মাঝে শোক ও বিস্ময়ের সৃষ্টি করেছে।
আরো পড়ুন : শবনম ফারিয়া আবারো বিবাহবন্ধনে আবদ্ধ
