নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লোগো (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ছাত্রলীগের পাশাপাশি যুবলীগ ও শ্রমিক লীগের কর্মীরাও রয়েছেন বলে নিশ্চিত করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। সিএমপি ডবলমুরিং থানার নেতৃত্বে শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. ইমরানুল হক রোমান, মো. আনোয়ার হোসেন, মো. মিজানুর রহমান রিয়াজ, আবু তৈয়ব রাসেল, শওকত আলী রনি, আব্দুল্লাহ হোসেন রাব্বি, সাজ্জাদ, সাব্বির হোসেন শাওন, হাছান মুরাদ চৌধুরী রিমন, মো. সাইদুল ইসলাম ও হাজী মো. নুরুল হুদা।
ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ জানান, শুক্রবার জুমার নামাজের পরপরই হালিশহর–ডবলমুরিং সীমান্ত এলাকায় কয়েক সেকেন্ডের জন্য ঝটিকা মিছিল করে ছাত্রলীগ। কয়েক মুহূর্ত স্থায়ী এই মিছিল শেষে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায় তারা। পরবর্তীতে পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে।
তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে শ্রমিক লীগ ও যুবলীগের নেতাকর্মীরাও ছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে অভিযুক্ত হিসেবে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মী আটক
Find us on YouTube
