
ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচন বর্তমান পদ্ধতিতে হবে নাকি পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে হবে, সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কম কথা বলাই উত্তম বলে মন্তব্য করেন তিনি।
রোববার (২১সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে একটি ইংরেজি দৈনিকের সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ‘ইনোভেশন’-এর জরিপ ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এদিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গবেষণা সংস্থা ‘ইনোভেশন’ জরিপ প্রকাশ করেছে। জরিপে বলা হয়, দেশের ৫৬% মানুষ পিআর সিস্টেম সম্পর্কে অবগত নন। এ ছাড়া ২১.৮% পিআর চান, আর ২২.২% চান না। জরিপে অংশ নেন ১০ হাজার ৪১৩ জন।
এতে আরও বলা হয়—
৮৬.৫% উত্তরদাতা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের পক্ষে।
৬৯.৯% মনে করেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম।
৭৭.৫% বিশ্বাস করেন তারা নিরাপদে ভোট দিতে পারবেন।
তবে ৫৬% উত্তরদাতা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা আরও জানিয়েছেন, গত ছয় মাসে চাঁদাবাজি বেড়েছে।
