
ডেস্ক রিপোর্ট: চলতি মাসে এক দফা কমানোর পর ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শনিবার (২০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম রবিবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় স্থানীয় বাজারেও নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। ফলে দেশের বাজারে প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫৫৫ টাকা বৃদ্ধি করা হয়েছে।
নতুন নির্ধারিত দামে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য দাঁড়াবে ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৮০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ২৮ হাজার ৪৭৯ টাকা।
এর আগে, চলতি মাসে একাধিক দফায় বাড়তে বাড়তে দেশের ইতিহাসে সর্বোচ্চ ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকায় পৌঁছেছিল স্বর্ণের ভরি মূল্য।
