ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা প্রকল্পের খামার থেকে উন্নত জাতের ১৪টি ভেড়া চুরি হয়েছে। ভেড়াগুলো দরপার ও গাড়ল জাতের ছিল বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার মধ্যে মাৎস্যবিজ্ঞান অনুষদের গেইটের পাশের খামারে এ ঘটনা ঘটে। খামারে দায়িত্বে থাকা কোনো প্রহরী না থাকায় স্থানটি ছিল নিরাপত্তাহীন।
গবেষণায় যুক্ত সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি বলেন, “দরপার ও গাড়ল জাতের এই ভেড়াগুলো চর ও হাওর অঞ্চলে সুপরিচিত। বর্তমানে তিনটি প্রজনন ও দুটি গবেষণা প্রকল্প চলমান ছিল। প্রতিটি ভেড়ার ওজন প্রায় ৩০–৪০ কেজি। এখন মাত্র ২–৩টি ভেড়া অবশিষ্ট আছে। এ ক্ষতি বিশ্ববিদ্যালয়ের জন্য বড় ধাক্কা।”
তিনি আরও জানান, “২০১১ সাল থেকে এসব ভেড়া নিয়ে গবেষণা চলমান ছিল। শিক্ষার্থীরা ব্যবহারিক প্রশিক্ষণের জন্য ভেড়া থেকে সিমেন কালেকশন করত। এ চুরির কারণে শুধু ব্যক্তিগত গবেষণা নয় বরং স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের গবেষণাও ক্ষতিগ্রস্ত হলো।”
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, বুধবার বিকেল ৫টার পর দায়িত্বপ্রাপ্ত কর্মীরা খামার ছেড়ে গেলে রাতের বেলায় পুরো এলাকা ফাঁকা হয়ে যায়। বৃহস্পতিবার সকালে নিরাপত্তাকর্মীরা এসে দরজার তালা ভাঙা ও ভেড়াগুলো উধাও দেখতে পান। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।
নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম বলেন, “সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে। দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
