ডেস্ক রিপোর্ট: বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুর স্টেশন এলাকা থেকে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত মহিবুল ইসলাম (২৫) পার্বতীপুর উপজেলার পালাশবাড়ি ইউনিয়নের উত্তর আত্রাই গ্রামের বাসিন্দা এবং ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
ডিবি পুলিশের ওসি রফিকুজ্জামান জানান, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন থেকে অভিযান চালিয়ে মহিবুলকে আটক করা হয়। পরে তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় মহানগর পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করা হয়।
ডিবি সূত্র জানায়, আসন্ন বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের তথ্য পাওয়ার পর ডিএমপি গোপনে তদন্ত শুরু করে। এ খবর টের পেয়ে মহিবুল ঢাকা ছেড়ে নিজ এলাকায় ফেরার চেষ্টা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার যাত্রাপথ শনাক্ত করা হয়। এরপর বিরামপুর স্টেশন থেকে ট্রেনে উঠে দিনাজপুর ডিবির একটি দল পার্বতীপুর স্টেশনের কাছে তাকে আটক করে।
