প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: পিআরে গণতন্ত্র টিকে না এমন ইঙ্গিত দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন নেপালের উদাহরণ সামনে এনেছেন। তিনি বলেন, গণতন্ত্র শক্তিশালী করতে শুধুমাত্র সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি যথেষ্ট নয়। নেপালে পিআর ব্যবস্থার কারণে কয়েক বছরে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) কতৃক আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহিদ বলেন, ৫ আগস্টের আগে কেউ পিআর নিয়ে কথা বলেনি। এখন কিছু দল কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে রাস্তায় আন্দোলন করছে। তারা জনগণের অনুমতি ছাড়াই নিজেদের মতকে জনগণের মত হিসেবে চালাচ্ছে, যা নির্বাচনের সময় পেছানোর কৌশল।
তিনি অভিযোগ করেন, ভুয়া ঝটিকা মিছিলের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। নেপালে পিআর পদ্ধতির ফলে বারবার সরকার পরিবর্তনের ঘটনা এদেশে সতর্কবার্তা হিসেবে ধরা উচিত। যারা জনগণের অনুমতি ছাড়া পিআর চাপিয়ে দিতে চাইছে, তারা গণতন্ত্র নয় বরং স্বৈরাচার ফিরিয়ে আনার পায়তারা করছে।
এছাড়াও তিনি রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে বলেন, পিআর চাইলে তা নির্বাচনি ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ করুন। কেন প্রেসিডেন্সি অর্ডারের মাধ্যমে চাপিয়ে দিতে হবে? সংবিধান এখনো কার্যকর আছে। জনগণের মতামতকে আন্তর্জাতিক গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করলে দেশের মানুষ তা মেনে নেবে না।
আরও পড়ুন: বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চলছে: রুমিন ফারহানা
Our Facebook Page
