যুবলীগ ক্যাডার ও মামলার আসামীকে ভুয়া ইতিবাচক প্রত্যয়নপত্র প্রদান, ছবি- আমার দেশ
ডেস্ক রিপোর্ট: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ ক্যাডারকে প্রত্যয়নপত্র দিয়েছেন উক্ত এলাকার আওতাধীন থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন। উক্ত যুবলীগ কর্মী জুলাই হত্যা মামলার এজাহারে ৫০ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত।
স্থানীয় সূত্র বলছে, বিএনপির প্রভাবশালী কিছু নেতার চাপের মুখে ওসি এ প্রত্যয়নপত্র দেন। যদিও ওসি দেলোয়ার বিএনপি নেতার নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে স্বীকার করেছেন—“বড় বড় নেতাদের সুপারিশের কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।”
প্রত্যয়নপ্রাপ্ত আতিকুল ইসলাম রিয়াদ দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং সাবেক এমপি এমএ জাহের ও ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। স্থানীয়ভাবে তিনি দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে বিতর্কিত হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সবসময় সামনের সারিতে ছিলেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৩ আগস্ট ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কালা কচুয়া এলাকায় ছাত্র-জনতার ওপর হামলায় তার সক্রিয় অংশগ্রহণের অভিযোগ রয়েছে। হামলার ভুক্তভোগী সোহেল রানা মামলা করলে উক্ত মামলার এজাহারে রিয়াদকে আসামি করা হয়। তবে বাদীর কাছ থেকে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে মামলার তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন বাদী।
বাদী সোহেল রানার ভাষায়, “আমাকে জোর করে সই করানো হয়েছে। আমি কোনোভাবেই আসামির নাম বাদ দেওয়ার পক্ষে নই।”
বিএনপি নেতাদের চাপের প্রসঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেছেন, যুবলীগ ক্যাডারকে প্রত্যয়নপত্র দেয়ার ব্যাপারে তিনি কিছু জানেন না।
অন্যদিকে, যুবলীগ ক্যাডার রিয়াদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
সূত্র: আমার দেশ
আরও পড়ুন: ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন আইএমএফ প্রধান
