ছবি- সংগৃহীত
ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি উপকরণ সংগ্রহ কার্যক্রম শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের গুদামে ইতোমধ্যেই এসব সরঞ্জাম পৌঁছাতে শুরু করেছে।
সোমবার বিকেলে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচনি সরঞ্জাম পরিদর্শনে যান এবং সংগ্রহকৃত দ্রব্য পরীক্ষা করেন।
সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে ব্যালট বাক্স, লক, ঢাকনা, গানি ব্যাগ, সিল, বিভিন্ন প্রকার ফরম ও প্যাকেট। ইসির ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী ১৬ সেপ্টেম্বর থেকে ১৬ নভেম্বরের মধ্যে মাঠ পর্যায়ে এসব উপকরণ বিতরণ করা হবে।
ইসি সচিব আখতার আহমেদ জানান, ইতোমধ্যেই কিছু সরঞ্জাম এসে গেছে, বাকিগুলো নির্ধারিত সময়ের মধ্যেই পাওয়া যাবে। বর্তমানে দেশের ৩০০ আসনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। এ অনুযায়ী প্রায় ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্র এবং ২ লাখ ৪৪ হাজার ৪৬টি ভোটকক্ষের প্রস্তাব করা হয়েছে। আগামী ২০ অক্টোবর চূড়ান্ত কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।
ইসি আশাবাদী, সেপ্টেম্বরের মধ্যেই প্রয়োজনীয় সব নির্বাচনি উপকরণ সংগ্রহ শেষ হবে।
আরও পড়ুন: দীর্ঘ ১৮ দিন পর হাসপাতাল ছেড়ে বাসায় নুরুল হক নূর
Find us on Youtube
