দুই মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ১.৭ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
ডেস্ক রিপোর্ট: দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ডলার ক্রয়ের কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) এক নিলামে ১০টিরও বেশি বাণিজ্যিক ব্যাংক থেকে ৩৫৩ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে কেনা এ ডলারের বিনিময় হার ছিল প্রতি ডলারে ১২১ টাকা থেকে ১২১ টাকা ৭৫ পয়সার মধ্যে।
এর আগে গত ৯ সেপ্টেম্বর আরও একটি নিলামের মাধ্যমে ২৬৫ মিলিয়ন ডলার কেনা হয়েছিল। দুই মাসে বিভিন্ন নিলামের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়াল ১.৭ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রেমিট্যান্স ও রপ্তানি প্রবাহ শক্তিশালী থাকায় ডলারের জোগান বেড়েছে। এ কারণে ব্যাংকগুলো তাদের পুরোনো দায় পরিশোধ করতে সক্ষম হয়েছে এবং আমদানি চাপও কমে এসেছে। ফলে এখন ডলারের সরবরাহ চাহিদার চেয়ে বেশি হওয়ায় বিনিময় হারও কিছুটা নিচে নামছে।
