ডেস্ক রিপোর্ট: ধর্মা প্রোডাকশনের জনপ্রিয় দুলহানিয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি সানি সংস্কারী কি তুলসি কুমারী-র ট্রেলার অবশেষে প্রকাশ পেল। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। পরিচালনা করেছেন শশাঙ্ক খৈতান, যিনি এর আগে হাম্পটি শর্মা কি দুলহানিয়া ও বদ্রীনাথ কি দুলহানিয়া পরিচালনা করেছিলেন।

ট্রেলারে দেখা যায়, সানিয়া মালহোত্রা (অনন্যা) ও , (বিক্রম) তাঁদের সম্পর্ক ভেঙে একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নিলে, ভেঙে পড়ে সানি (বরুণ) ও তুলসি (জাহ্নবী)। প্রাক্তন প্রেমিক–প্রেমিকাদের বিয়ে আটকাতে ও তাঁদের আবার ফিরে পেতে সানি ও তুলসি ফাঁকি দিয়ে একটি সম্পর্কের ভান করে। অনলাইনে একে অপরকে প্রেমিক–প্রেমিকা হিসেবে দেখিয়ে তাঁরা এক্সদের ঈর্ষান্বিত করার চেষ্টা করে। এই অভিনয়ের মধ্যেই ধীরে ধীরে সত্যিকারের প্রেম জন্ম নেয় তাঁদের মধ্যে।
ট্রেলারের একটি দৃশ্যে বরুণ ও জাহ্নবী মজার ছলে তর্কে জড়িয়ে পড়ে যে কে বেশি মিডল ক্লাস! বরুণ দাবি করেন তিনি বাবার থেকে মাসে ৫০ হাজার টাকা পান, আর জাহ্নবী বলেন তাঁর ভাগে আসে ২৫ হাজার। তখন বরুণ মন্তব্য করেন— “তুই মিডল ক্লাস না, লোয়ার মিডল ক্লাস।”
ছবিতে থাকছে নাচ–গান, ঝগড়া আর টানটান ড্রামায় ভরপুর দৃশ্য। সহ-অভিনেতা হিসেবে রয়েছেন মানীশ পল ও অক্ষয় ওবেরয়। ছবিটি মুক্তি পাবে আসন্ন ২ অক্টোবর, দশহারার দিনে।

প্রযোজনা করেছেন করণ জোহর, আদার পুনাওয়ালা, হিরু ইয়াশ জোহর, আপূর্ব মেহতা ও পরিচালক শশাঙ্ক খৈতান। আগের দুই দুলহানিয়া ফিল্ম বক্স অফিসে সফল হয়েছিল। এবারও নির্মাতারা একই সাফল্যের প্রত্যাশায় আছেন।
বরুণ ধাওয়ানের জন্য ছবিটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ তাঁর সাম্প্রতিক দুটি ছবি বেবি জন ও বাওয়াল প্রত্যাশা পূরণ করতে পারেনি। শেষ বড় হিট ছিল ২০২০ সালের কুলি নাম্বার ১। অন্যদিকে জাহ্নবী কাপুরের শেষ ছবি পরম সুন্দরী বক্স অফিসে মাঝারি সাফল্য পেয়েছিল।
আরো পড়ুন : জলি এলএলবি ৩: অক্ষয়ের চতুর্থ রিলিজ, ওপেনিংয়ে নজর কাড়তে প্রস্তুত
