
ডেস্ক রিপোর্ট: নতুনভাবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করতে প্রস্তুত আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিষেধাজ্ঞার জন্য স্পষ্ট শর্ত হলো—ন্যাটো জোটভুক্ত সব দেশকে রাশিয়ার তেল কেনা পুরোপুরি বন্ধ করে মস্কোর বিরুদ্ধে নিজেদের নিষেধাজ্ঞাও কার্যকর করা।
ট্রাম্প বলেন, ন্যাটোর সব সদস্য যদি একইসঙ্গে একমত হয়ে পদক্ষেপ নেয়, তবে তিনিও বড় ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ন্যাটো দেশগুলো রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য বন্ধ করলে এবং একই কৌশল নিলে তবেই তিনি নিষেধাজ্ঞার পথে এগোবেন।
এএফপি’র ওয়াশিংটন সূত্র জানায়, ইউক্রেনে রুশ আগ্রাসন থামাতে ট্রাম্প আরও একটি প্রস্তাব দিয়েছেন। তার মতে, ন্যাটো সদস্যরা যদি চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ বিবেচনা করে, তবে তা মস্কোর ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে।
সাম্প্রতিক সময়ে মস্কো বাহিনী ইউক্রেনে ব্যাপক বিমান হামলা চালানোর পর থেকে ট্রাম্প আবারও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার ইঙ্গিত দিচ্ছেন। এদিকে হতাশা প্রকাশের পাশাপাশি কিয়েভ অভিযোগ করছে, হুমকির কথা শোনা গেলেও এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
গত মাসে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ন্যাটোভুক্ত দেশগুলো রাশিয়া থেকে তেল কেনার মাধ্যমে ক্রেমলিনের দরকষাকষির ক্ষমতাকে ক্রমান্বয়ে আরও শক্তিশালী করছে। তিনি যোগ করেন, “আপনারা যখন এগিয়ে আসলে আমিও প্রস্তুত আছি। শুধু সময়টা জানালেই হবে।”
