নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন্ন রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে সিনেট সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস. এম. তাহমিদ হাসান।
তিনি মনে করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধুমাত্র শিক্ষা অর্জনের জায়গা নয়; বরং এটি শিক্ষার্থীদের স্বপ্ন গড়ে তোলার, অধিকার আদায়ের, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের এবং ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্র।
নিজের ইশতেহার প্রসঙ্গে তাহমিদ হাসান বলেন, “আমি আলাদা কোনো ইশতেহার প্রচার করতে চাই না। আমার ইশতেহার হলো শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। আমার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে সিনেটে প্রতিধ্বনিত করা।”
তিনি আরও জানান, নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত পরিবেশ গঠন, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস তৈরি, শিক্ষার্থীদের একাডেমিক ও সামাজিক স্বার্থ রক্ষা এবং নীতি নির্ধারণে শিক্ষার্থীদের কণ্ঠস্বর তুলে ধরাই হবে তার অঙ্গীকার। পাশাপাশি তিনি উন্নত শিক্ষা, গবেষণা ও সংস্কৃতি বিকাশে কাজ করবেন।
এছাড়াও তিনি সকল ধর্ম, মত, বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোট দেওয়া আপনাদের অধিকার। আপনার মূল্যবান ভোট দিয়ে যোগ্য নেতৃত্বকে বেছে নিন। আমি নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ে আপনার হয়ে কথা বলার একজন প্রতিনিধি হবো। আমি চাই, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী গর্বের সাথে বলতে পারুক— ‘আমাদের কথা কেউ বলছে, আমাদের পাশে কেউ আছে।’
