‘বন অ্যাপাটিট, ইয়োর ম্যাজিট্রি’র দৃশ্য। নেটফ্লিক্স
ডেস্ক রিপোর্ট: মাত্র তিন পর্ব প্রচারের পরই নেটফ্লিক্সের বৈশ্বিক শীর্ষ দশ তালিকায় জায়গা করে নিয়েছে নতুন কে-ড্রামা সিরিজ ‘বন অ্যাপাটিট, ইয়োর ম্যাজেস্টি’। প্রেম, ইতিহাস আর কল্পনার মিশেলে তৈরি এ সিরিজ ঘিরে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে।
গল্পে দেখা যায়, বিমানে ভ্রমণের সময় টাইম স্লিপে জেসন যুগে চলে যান আধুনিক যুগের এক শেফ ইয়ন জি-ইয়ং (অভিনয়ে ইম ইউন-আহ)। সেখানে তাঁর সাক্ষাৎ হয় নির্মম ও রূঢ় এক রাজা লি হেয়নের (লি চে-মিন) সঙ্গে। ইতিহাসের প্রেক্ষাপটে তৈরি হলেও কাহিনিতে যোগ হয়েছে হাস্যরস ও রোমান্সের ছোঁয়া।

ইতিহাস:
সিরিজটির মূল উৎস পার্ক গুক-জের উপন্যাস ‘সারভাইভিং অ্যাজ ইয়নসানগুন শেফ’। তবে বিতর্ক এড়াতে উপন্যাসের নৃশংস রাজা ইয়নসানগুনের নাম বদলে দেওয়া হয়েছে লি হেয়ন। ইতিহাসবিদদের মতে, ১৪৯৪ থেকে ১৫০৬ সাল পর্যন্ত কোরিয়ার শাসক ইয়নসানগুন ছিলেন দেশটির অন্যতম ভয়ংকর শাসক। মায়ের হত্যার প্রতিশোধ নিতে গিয়ে তিনি অসংখ্য মানুষকে মৃত্যুদণ্ড দেন এবং ভোগবিলাসে রাজকীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেন। এমনকি জনগণ হানগুল ভাষায় তাঁর সমালোচনা করলে সেটিও নিষিদ্ধ করেন।তবে সিরিজটি কোনোভাবেই তাঁর জীবনী নির্ভর নয়; বরং ইতিহাসের অন্ধকার অধ্যায়কে কেন্দ্র করে তৈরি হয়েছে ভিন্নধর্মী এক প্রেমের গল্প। ইতিপূর্বে কোরিয়ান চলচ্চিত্র ‘প্রিন্স ইয়নসান’ ও ‘দ্য কিং অ্যান্ড দ্য ক্লাউন’-এও উঠে এসেছে এই ভয়ঙ্কর শাসকের চরিত্র।

বাকি পর্ব প্রকাশিত হবে:
১২ পর্বের এ সিরিজের প্রথম দুই পর্ব মুক্তি পেয়েছে ২৩ আগস্ট, তৃতীয় পর্ব এসেছে ৩১ আগস্ট। বাকি নয় পর্ব দর্শকরা দেখতে পাবেন আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
