ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) একাডেমিক কাউন্সিলের সভায় একক কম্বাইন্ড ডিগ্রির দাবি নিয়ে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে আন্দোলন করেন। এ সময় উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষক সভায় আটকা পড়েন। রাত ৮টার দিকে বহিরাগতরা লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে নারীসহ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
হামলার সময় শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরিতে আশ্রয় নেন, সেখানে ও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন রাত সাড়ে ৯টায় অনলাইনে জরুরি সিন্ডিকেট সভা করে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে ছাত্র-ছাত্রীদের আগামী সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষকরা দীর্ঘ ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অডিটোরিয়াম থেকে বের হন। হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করে পদত্যাগ দাবি করেন।
