ডেস্ক রিপোর্টঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অধিকাংশ শুল্ককে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত। আদালতের মতে, কংগ্রেসের অনুমতি ছাড়া প্রেসিডেন্ট একতরফাভাবে এ ধরনের শুল্ক আরোপ করতে পারেন না।
৭-৪ ভোটে দেওয়া রায়ে বলা হয়, ট্রাম্প ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ) ব্যবহার করে শুল্ক আরোপ করেছিলেন, কিন্তু এ আইনে প্রেসিডেন্টকে এমন ক্ষমতা দেওয়া হয়নি। ফলে তাঁর আরোপিত অধিকাংশ শুল্ক আইনবিরোধী।
এই রায়ের ফলে বিশ্বের বহু দেশের ওপর বসানো ‘পারস্পরিক শুল্ক’ বাতিল হয়ে যাবে। এর মধ্যে চীন, মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর আরোপিত শুল্কও অন্তর্ভুক্ত। তবে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের শুল্ক বহাল থাকবে, যেগুলো ভিন্ন আইনের আওতায় কার্যকর হয়েছিল।
রায়ের কার্যকারিতা আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হবে। এর আগে চাইলে ট্রাম্প প্রশাসন বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে। বিশ্লেষকদের মতে, শেষ পর্যন্ত মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে, যেখানে রিপাবলিকান নিয়োগপ্রাপ্ত বিচারকরা সংখ্যায় বেশি।
এ রায়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “শুল্ক তুলে নিলে যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। আমেরিকা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে।”
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আদালতের ১২৭ পৃষ্ঠার রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে—শুল্ক আরোপের সাংবিধানিক ক্ষমতা কেবল কংগ্রেসের হাতে, প্রেসিডেন্টের নয়।
