
ডেস্ক রিপোর্টঃ গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির সংঘর্ষের ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগে গুরুতর আহত হন গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তাকে তৎক্ষণাৎ উদ্ধার করে প্রথমে কাকরাইলের একটি হাসপাতালে নেওয়া হয়।
আঘাত গুরুতর হওয়ায় রাত ১১টার দিকে নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয় এবং পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে ১২টায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। বর্তমানে তিনি আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।
কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর জখম গুরুতর। নাক ও চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আগামী ৪৮ ঘণ্টার আগে শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
উল্লেখ্য, গতকাল (শুক্রবার) রাত ৯টার পর রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ পরবর্তী সময়ে সংবাদ সম্মেলন চলাকালে তাদের উপর আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। ফলে নুরুল হক নূর, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সাংবাদিক সহ বেশ কয়েকজন হতাহত হন।
রাত সোয়া ১১টার দিকে আহতদের দেখতে হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল ইসলাম। পরবর্তীতে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন। এছাড়া বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
