
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর
ডেস্ক রিপোর্টঃ রাজধানীর কাকরালে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে একাধিক সঙ্গিসহ আহত হয়েছেন গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তাৎক্ষণিকভাবে রক্তাক্ত অবস্থায় নূরসহ অন্যান্য আহতদের উদ্ধার করে কাকরাইলে অবস্থিত ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার পর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাপা সমর্থক ও গণধিকার পরিষদের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে এমন হতাহতের ঘটনা ঘটে বলে জানা যায়। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দ্বিতীয় দফায় গণধিকার পরিষদের নেতারা মিছিল নিয়ে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে গণধিকার পরিষদের নেতাদের সরে যেতে নির্দেশ দেয়। কিন্তু নূরের সমর্থকরা তাতে অস্বীকৃতি জানালে তাদের ওপর লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী।
গণধিকার পরিষদের কর্মীদের বরাতে জানা যায়, নূরের মাথা ফেটে গেছে। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
এছাড়াও উক্ত সংঘর্ষে আরও হতাহত হয়েছেন— সাধারণ সম্পাদক রাশেদ খান (৩২), হাসান তারিক (২৮), ফারজানা ইসলাম (৩৫), মাহবুব, পরিদর্শক আনিসুর রহমান (৪২), আবু বক্কর ও তারেক আজাদ প্রমুখ।
গণধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, জাপার সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। অন্যদিকে জাতীয় পার্টির সমর্থকদের দাবি, গণধিকার পরিষদের কর্মীরাই প্রথমে মিছিল নিয়ে তাদের কার্যালয়ের সামনে হামলা চালায়।
