আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায়। নির্বাচন কমিশনের (ইসি) বিধান অনুযায়ী ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ করতে হবে।
গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণা নির্ধারিত সময় অনুযায়ী শেষ হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী ভোট গ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে প্রচারণা শুরু করতে পারবেন না এবং ভোট গ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের নির্বাচনী প্রচারণা সমাপ্ত করতে হবে।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রচার-প্রচারণা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে শেষ হবে। এর পর থেকে ‘নীরব সময়’ (Cooling Period) শুরু হবে, যেখানে কোনো ধরনের প্রচারণা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সারাদেশে মোট ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। ফলে ওই আসনটি বাদ দিয়ে বাকি ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ৩৪ জন প্রার্থী। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৫ জন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২৯ জন প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন ১৯৮ জন প্রার্থী। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩২ জন প্রার্থী শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশন আশা করছে, প্রচারণা শেষ হওয়ার পর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
