ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি ও দীঘিনালা উপজেলায় অবস্থিত দুর্গম ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)’র দায়িত্বপূর্ণ ২১ দশমিক ৮ কিলোমিটার সীমান্ত এলাকাসহ নির্বাচনী ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নির্বাচনী দায়িত্বের অংশ হিসেবে পানছড়ি উপজেলার ২৫টি ভোটকেন্দ্র এবং দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে গত ৩০ জানুয়ারি পানছড়ি উপজেলায় চারটি বেইজ ক্যাম্প স্থাপন করে ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম।
এছাড়া দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা নাড়াইছড়িতে অবস্থিত একটি হেলি-সাপোর্টেড ভোটকেন্দ্রেও সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা যানবাহন, পায়ে হাঁটা ও নদীপথে নিয়মিত ডমিনেশন টহল পরিচালনা করছেন।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় ড্রোন নজরদারি, বডি ওর্ন ক্যামেরা এবং আধুনিক রায়ট কন্ট্রোল সামগ্রী ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি লোগাং বিজিবি ক্যাম্প ও গিলাতলী বিওপি এলাকায় দুটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে জনসংযোগ, জনসচেতনতামূলক কার্যক্রম, ঝুঁকি বিশ্লেষণ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত টহল পরিচালনা করছে বিজিবি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সারাদেশে উপকূলীয় ছয়টি উপজেলা ব্যতীত ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করছে।
বিজিবি জানিয়েছে, সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করা হবে এবং ভোটারদের ভোটাধিকার সুরক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও আইন-শৃঙ্খলা রক্ষায় তারা অগ্রণী ভূমিকা পালন করবে।
