ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের মধ্যে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বৃহস্পতিবার বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসী ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে।
এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৮ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। এছাড়া ৪ লাখ ৪৪ হাজার ৯৫২ জন প্রবাসী ভোটার তাদের পূরণ করা ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন।
উল্লেখযোগ্যভাবে, জমা দেওয়া ব্যালটের মধ্যে ১ লাখ ৭ হাজার ১৬৮টি ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।
বিদেশে অবস্থানরত ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) থাকা নিবন্ধিত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। এ পর্যন্ত দেশের ভেতরে ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের অভ্যন্তরে ২ লাখ ৬০ হাজার ৪৪৭ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ২ লাখ ১১ হাজার ১২২ জন ভোট দিয়েছেন এবং ১ লাখ ৬৮ হাজার ৫১৯ জন ভোটার তাদের ব্যালট ডাকযোগে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ২৭ হাজার ৩৬৭টি ব্যালট গ্রহণ করেছেন।
সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, এই পরিসংখ্যান প্রবাসী ও দূরবর্তী ভোটারদের অংশগ্রহণের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে।
