১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে
ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রবাসী ভোটারদের পাঠানো ১ লাখ ৫৭ হাজার ৭৯৮টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে।
রোববার (আজ) বেলা ১১টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ভোটারদের মধ্যে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২০ হাজার ৫০১ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন।
এ পর্যন্ত ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৬১ হাজার ৬০৪ জন প্রবাসী ভোটার। আর ৪ লাখ ১৫ হাজার ৭৬২ জন তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন।
এদিকে বিদেশে অবস্থানকারীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে আইসিপিভি (ICPV) ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে সারা দেশে ৫ লাখ ৮০ হাজার ৯৬৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, রোববার বেলা ১১টা পর্যন্ত দেশের ভেতরে ২৪ হাজার ৯১ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এদের মধ্যে ১৭ হাজার ৫৩ জন ভোট দিয়েছেন এবং ৯ হাজার ৮৪৩ জন ভোটার ব্যালট পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন।
সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
