নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, ব্যানার ব্যবহারে ইসির কড়াকড়ি
ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চলমান থাকলেও পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির আচরণ বিধিমালা অনুযায়ী, ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রচারণা ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে বন্ধ করতে হবে। সে হিসেবে ১০ ফেব্রুয়ারি রাত ১২টার পর কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।
‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি ৭ (ক) ধারায় স্পষ্ট বলা হয়েছে— নির্বাচনী প্রচারণায় কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না।
এছাড়া ৭ (খ) ধারায় বলা হয়েছে, পরিবেশের জন্য ক্ষতিকর অপচনশীল উপাদান—যেমন রেক্সিন, পলিথিন বা প্লাস্টিক দিয়ে তৈরি কোনো প্রচারসামগ্রী ব্যবহার নিষিদ্ধ।
প্রচারসামগ্রীর মাপ ও রঙ সংক্রান্ত নির্দেশনা (বিধি ৭ ঙ):ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন সাদা-কালো হতে হবে, ব্যানারের সর্বোচ্চ মাপ: ১০ ফুট × ৪ ফুট ,লিফলেট/হ্যান্ডবিল: A4 সাইজ, ফেস্টুন: ১৮ ইঞ্চি × ২৪ ইঞ্চি, প্রার্থীর নিজের ছবি ও প্রতীক ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করা যাবে না
সম্প্রতি ইসি ব্যানার ব্যবহারে একটি স্পষ্টীকরণ জারি করেছে। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, ব্যানার আনুভূমিক বা উলম্ব—যেভাবেই লাগানো হোক, মাপ ১০ ফুট × ৪ ফুটের বেশি হলেই তা অবৈধ।
এদিকে, নির্বাচনী পোস্টার মুদ্রণ থেকে বিরত থাকতে মুদ্রণালয় ও ছাপাখানার প্রতি নির্দেশ দিয়েছে কমিশন। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু এলাকায় পোস্টার ব্যবহারের ঘটনা আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি শাস্তিযোগ্য অপরাধ।
নিবন্ধিত রাজনৈতিক দল, প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী এবং তাদের সমর্থকদের আচরণ বিধিমালা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন
