নরসিংদী-২ আসনে ব্যালটে ‘দাঁড়িপাল্লা’ না রাখতে ইসির কাছে জামায়াতের আবেদন
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (সদর ও পলাশ) আসনের ব্যালট পেপারে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ না রাখার আবেদন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারওয়ার, যিনি সারোয়ার তুষার নামে পরিচিত।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বরাবর পাঠানো জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নরসিংদী-২ আসনে প্রথমে জামায়াত নিজস্ব প্রার্থী মনোনয়ন দিয়েছিল। তবে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার ভিত্তিতে আসনটি এনসিপি প্রার্থী সারোয়ার তুষারের জন্য ছেড়ে দেওয়া হয়।
কিন্তু মনোনীত প্রার্থী সময়মতো মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারায় সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারে জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ থেকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে উল্লেখ করে দলটি রাজনৈতিক সমঝোতা বাস্তবায়নের স্বার্থে ওই আসনের ব্যালট থেকে প্রতীকটি বাদ দেওয়ার আবেদন জানিয়েছে।
এ বিষয়ে সারোয়ার তুষার সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, জোটের একক প্রার্থী ও প্রতীক নির্ধারিত হওয়ায় নির্বাচন কমিশন বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে তিনি আশা করছেন।
জামায়াত নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।
